• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
এহসানুল হক মিয়া
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৪:৩৪ দুপুর

নগরকান্দায় সরকারি স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১৪ নম্বর বাউতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে বিদ্যালয়ের সরকারি জায়গা দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, স্কুলের জায়গা দিয়ে রাস্তা নেওয়ার উদ্দেশ্যে শাহিন মিয়া একাধিকবার লোকজন নিয়ে সেখানে যান এবং জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এতে বিদ্যালয়ের সরকারি জমি বেদখলের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। এছাড়া ভবিষ্যতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণেও জটিলতা সৃষ্টি হবে।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শাহিন মিয়া বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এটি আমাদের গ্রামের স্কুল, আমরা কেন স্কুলের জায়গা দখল করব? শুনেছি আমার বাড়ির জন্য ২০০ ফুটের একটি রাস্তা অনুমোদন হয়েছে। তবে বর্তমানে পানি থাকায় কাজ শুরু করা সম্ভব নয়। পানি কমলে যাচাই-বাছাই করে স্কুলের জায়গা বাদ দিয়েই রাস্তা নির্মাণ করা হবে।”

তিনি আরও বলেন, “স্কুলের উত্তর পাশে অনেকেই স্কুলের জায়গা দখল করে ঘর নির্মাণ করেছেন। সেগুলোও অপসারণ করা উচিত।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা খানম বলেন, “বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ করা হলে সরকারি সম্পত্তি বেদখল হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হবে। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। প্রতিষ্ঠানের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।”

নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. চুন্নু ফকির বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

এবিষয়ে নগরকান্দা উপজেলা প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “ওই স্থানে এডিপির আওতায় একটি প্রকল্প ছিল। আপাতত কাজ বন্ধ রয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]