ইরানে যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনে কুয়েত অংশ নিয়েছে—এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জাইন আল-সাবাহ বলেছেন, এ ধরনের দাবি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।
শনিবার (২৬ জুলাই) কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা জানায়, ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডে পাঠানো এক চিঠিতে রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি কুয়েত। এমনকি কোনো ধরনের আক্রমণাত্মক অভিযান পরিচালনার জন্য দেশটির ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি।
এর আগে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইন ইরানের অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে যুদ্ধবিমান পাঠায়। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজনের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
তবে কুয়েত সরকার ওই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির বক্তব্য, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এমন অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতেও দেওয়া হয়নি।
অন্যদিকে, ইরানের দাবি, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে চালানো হামলা ছিল যুক্তরাষ্ট্রের আগের হামলার পাল্টা জবাব। তেহরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন আরও বাড়লে এই অঞ্চলে হামলার পরিমাণও বাড়ানো হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর