দীর্ঘ কয়েক মাসের টানটান লড়াইয়ের পর অবশেষে 'ইন্ডিয়ান আইডল সিজন ১৬'-এর বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে সবার নজর কেড়ে চ্যাম্পিয়নের ট্রফি জিতে নিয়েছেন ওড়িশার ভুবনেশ্বরের ২৪ বছর বয়সী গায়িকা জ্যোতির্ময়ী নায়ক। ট্রফির পাশাপাশি তিনি পেয়েছেন ২০ লাখ টাকার নগদ পুরস্কার। একই সঙ্গে ইতিহাসও গড়েছেন তিনি—'ইন্ডিয়ান আইডল'-এর শিরোপা জয়ী প্রথম ওড়িয়া প্রতিযোগী হিসেবে।
গ্র্যান্ড ফিনালের মঞ্চে নিজের অসাধারণ কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে বিচারক থেকে শুরু করে দর্শক—সবার মন জয় করেন জ্যোতির্ময়ী। শেষ পর্যন্ত অংশিকা চোনকর, মনরাজ বীর সিং, সুহাইল সুফি, মিসমি বসু এবং তনিষ্ক শুক্লার মতো শক্তিশালী প্রতিযোগীদের পেছনে ফেলে বিজয় নিশ্চিত করেন তিনি।
বিজয়ী ঘোষণার পর আবেগাপ্লুত জ্যোতির্ময়ী বলেন, এখনও তাঁর কাছে পুরো ঘটনাটি স্বপ্নের মতো লাগছে। দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতায় এত প্রতিভাবান শিল্পীদের সঙ্গে লড়াই করে সেরা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এই অর্জনের জন্য তিনি বিচারক, দর্শক, পরিবারের সদস্য এবং শুরু থেকে পাশে থাকা সকল শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে এই জয়কেই শেষ গন্তব্য মনে করছেন না তরুণ এই শিল্পী। তাঁর লক্ষ্য আরও বড়। জ্যোতির্ময়ী জানিয়েছেন, বলিউডে একজন সফল প্লেব্যাক গায়িকা হিসেবে নিজের পরিচয় গড়ে তুলতে চান তিনি। বিশেষ করে অভিনেত্রী আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের জন্য গান গাওয়া তাঁর বহুদিনের স্বপ্ন। তাঁর বিশ্বাস, 'ইন্ডিয়ান আইডল'-এর এই সাফল্য সেই স্বপ্নপূরণের পথকে আরও সহজ করে দেবে।
প্রতিযোগিতার পুরো মৌসুমজুড়েই জ্যোতির্ময়ী ধারাবাহিকভাবে বৈচিত্র্যময় গান পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন। শাস্ত্রীয় থেকে আধুনিক—প্রতিটি ঘরানায় নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ফিনালেতেও তাঁর পরিবেশনা দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন জানাতে বাধ্য করে।
নতুন এই পরিচয়ের সঙ্গে দায়িত্বও বেড়েছে বলে মনে করছেন জ্যোতির্ময়ী। তিনি বলেন, আগামী দিনে আরও নিষ্ঠার সঙ্গে গান শিখতে চান, নামী সুরকার ও সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করতে চান এবং বড় পর্দায় নিজের কণ্ঠ পৌঁছে দিতে চান কোটি দর্শকের কাছে।
'ইন্ডিয়ান আইডল ১৬' শুধু তাঁকে একটি ট্রফি বা পুরস্কারের অর্থই দেয়নি, দিয়েছে সারা দেশের মানুষের ভালোবাসা ও স্বীকৃতি। সেই ভালোবাসাকে শক্তি করেই এখন বলিউডের সংগীতজগতে নিজের স্থায়ী আসন গড়ে তোলার স্বপ্ন দেখছেন জ্যোতির্ময়ী নায়ক।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর