ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতার জন্য বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বরাবরই প্রশংসিত। সম্প্রতি তিনি জানিয়েছেন, নিজের দিন শুরু করেন একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর স্মুদি দিয়ে। তাঁর দাবি, এই সহজ পানীয়টি শুধু ওজন নিয়ন্ত্রণেই নয়, সারাদিন শরীরকে চাঙা রাখতেও সাহায্য করে। সবচেয়ে বড় কথা, মাত্র পাঁচ মিনিটেই তৈরি করা যায় এই ব্রেকফাস্ট স্মুদি।
যেভাবে তৈরি করবেন
এই স্মুদি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। লাগবে—২ টেবিল চামচ ওটস, পরিমাণমতো দুধ অথবা টক দই (যাদের দুধে সমস্যা হয়, তারা টক দই ব্যবহার করতে পারেন), এক মুঠো ব্লুবেরি ও স্ট্রবেরি বা অন্য যেকোনো বেরি জাতীয় ফল, ৪-৫টি কাঠবাদাম (অ্যামন্ড), ২-৩টি বীজ ছাড়ানো খেজুর, ইচ্ছা করলে অল্প কিছু কিশমিশ যোগ করতে পারেন।
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ঘন ও সুস্বাদু স্মুদি। ওজন কমানো যদি লক্ষ্য হয়, তাহলে কাজু ও পেস্তার মতো বেশি ক্যালরিযুক্ত বাদাম না দেওয়াই ভালো।
কেন উপকারী এই স্মুদি?
এই স্মুদির প্রতিটি উপকরণই শরীরের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে।
ওটস: প্রচুর ফাইবার থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।
দুধ বা টক দই: ক্যালসিয়াম ও প্রোটিনের ভালো উৎস। পেশি মজবুত রাখতে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক।
বেরি জাতীয় ফল: অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও ফাইবারে সমৃদ্ধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বকের জন্যও উপকারী।
কাঠবাদাম: স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ই ও প্রোটিনের উৎস। হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
খেজুর: প্রাকৃতিক মিষ্টতার পাশাপাশি আয়রন, পটাশিয়াম ও শক্তির ভালো উৎস। আলাদা করে চিনি ব্যবহার করার প্রয়োজন পড়ে না।
ওজন কমাতে কীভাবে সাহায্য করে?
এই স্মুদিতে থাকা ফাইবার ও প্রোটিন দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে পারে। ফলে বারবার অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমে। একই সঙ্গে এতে পরিশোধিত চিনি নেই, তাই ক্যালরি নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে। তবে শুধু এই স্মুদি খেলেই ওজন কমবে—এমনটি নয়। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের সঙ্গে এটি যুক্ত করলে ভালো ফল পাওয়া যেতে পারে।
সকালের নাশতায় স্বাস্থ্যকর, দ্রুত প্রস্তুত এবং পুষ্টিকর কোনো খাবার খুঁজে থাকলে ম্রুণাল ঠাকুরের এই স্মুদিটি হতে পারে দারুণ একটি বিকল্প। প্রতিদিনের খাদ্যতালিকায় এটি যোগ করলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে, আর সুস্থ জীবনযাপনও হবে আরও সহজ।
সূত্র: আজকাল ইন
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর