ময়মনসিংহের গৌরীপুরে চলমান উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রকৌশলী এম. ইকবাল হোসেইন। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হলে অসম্পূর্ণ প্রকল্পের বরাদ্দ বাতিল করে সরকারি অর্থ ফেরত নেওয়া হবে।
যেসব প্রকল্পের ৮০ থেকে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে, সেগুলো আগামী ১০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। সোমবার (২৭ জুলাই/২৬) বিকেলে গৌরীপুর উপজেলা পাবলিক হলে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি গৌরীপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, গত তিন মাসে গৌরীপুরের উন্নয়নের জন্য প্রায় ৮ কোটি টাকার ২৮০টি প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে।
কিন্তু এখন পর্যন্ত মাত্র ১৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। অনেক ঠিকাদার বরাদ্দের অর্থ গ্রহণ করেও কাজ ফেলে রেখেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গৌরীপুরের উন্নয়নে নতুন করে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩২ কিলোমিটার সড়ক ও হেরিংবোন রাস্তা পাকাকরণের অনুমোদন মিলেছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গৌরীপুরে ১০১ শয্যার একটি আধুনিক হাসপাতালের অনুমোদন পাওয়া গেছে। দ্রুত নির্মাণকাজ শুরু এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। পৌর শহরের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, উত্তর বাজার থেকে প্রধান সড়কের দুই পাশে কাভার্ড ড্রেন নির্মাণ, সড়ক কার্পেটিং এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১২টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে স্কুলভিত্তিক তিন থেকে চার মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি পুরোনো জেলখানার সামনের খালি জায়গায় একটি দৃষ্টিনন্দন পার্ক নির্মাণের ইচ্ছার কথাও তুলে ধরেন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের আইনের আওতায় এনে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।" দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কমিটি গঠনের আগে মতভেদ বা প্রতিযোগিতা থাকতেই পারে। তবে এখন সব বিভেদ ভুলে দলীয় ঐক্য সুসংহত করে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ. কে. এম. এনায়েত উল্লাহ কালাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আলহাজ আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু এবং উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
সাজু/নিএ
সর্বশেষ খবর