কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া এলাকায় একটি পুকুর থেকে আলামিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলামিন সিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে স্থানীয়রা ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের নতুন ভরাটকৃত বাড়ির উত্তর-পশ্চিম পাশের একটি পুকুরে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান।
পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর জানান, সকালে ছোটধুশিয়া এলাকার একটি পুকুর থেকে আলামিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আলামিন আমাদের ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে।
প্রাথমিকভাবে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিবারের সদস্যরা দাবি করছেন, তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশি তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন,পুকুর থেকে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর