অ্যাপভিত্তিক সিএনজি অটোরিকশা সেবা বন্ধ না করার দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সিএনজি অটোরিকশাচালকেরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বিআরটিএ ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে চালকেরা বলেন, অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে যাত্রী ও চালক-উভয়েই সুবিধা পাচ্ছেন। এতে ভাড়া নির্ধারণে স্বচ্ছতা এসেছে, যাত্রীদের নিরাপত্তাও বেড়েছে। তাই এ সেবা বন্ধের কোনো উদ্যোগ নেয়া হলে তা চালক ও সাধারণ যাত্রী-উভয়ের স্বার্থের পরিপন্থী হবে।
বক্তারা বলেন, অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করে বরং এ খাতকে আরও সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন এবং কার্যকর তদারকি নিশ্চিত করা উচিত।
মানববন্ধন থেকে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অ্যাপভিত্তিক সিএনজি সেবা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে চালকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে সতর্ক করেন আন্দোলনকারীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর