• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০৫:২৩ বিকাল

আগামী সপ্তাহে দেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। একই সঙ্গে আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

ড. মাহদী আমিন বলেন, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন মার্কিন বিশেষ দূত। তিনি জানিয়েছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে এবং দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতার নতুন উচ্চতায় নিতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

তিনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে বিদ্যুৎ ও গ্যাস খাতে যে সংকট সৃষ্টি হয়েছে, তা নিরসনে সরকারের চলমান উদ্যোগ সম্পর্কেও মার্কিন প্রতিনিধিদলকে অবহিত করা হয়েছে।

ড. মাহদী আমিন বলেন, বেসরকারি খাতের বিকাশে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, শিল্পায়নের গতি বাড়ানো এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর দ্রুতই এ ব্যবস্থা চালু করা হবে। এর ফলে পণ্য পরিবহন ও খালাসে সময় কমবে, ব্যবসায়িক ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এদিন দেশের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গেও প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ, রপ্তানি সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়। সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে অর্থনীতিকে আরও গতিশীল করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

ব্রিফিংয়ে ড. মাহদী আমিন বলেন, দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে রাষ্ট্রীয় সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা এবং দেশীয় বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এসব উদ্যোগ বাস্তবায়ন আরও সহজ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]