• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৮:৩৮ রাত

যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা: ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পরিচ্ছন্ন, সবুজ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি।

প্রতি সপ্তাহের রবিবার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রম। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের উদ্যোগে শুরু হওয়া এ ব্যতিক্রমী কর্মসূচি ইতোমধ্যেই জেলার আড়াই হাজারেরও বেশি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক সাড়া ফেলেছে।

কর্মসূচির মাধ্যমে শুধু বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আঙিনা ও খেলার মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার মানসিকতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (২ আগস্ট) সকালে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা নিজ হাতে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করেন। পরে বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার বলেন,“সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখা, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করলে তাদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ ও প্রকৃতিপ্রেম বিকশিত হবে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘ক্লিন ময়মনসিংহ’ কোনো একদিনের কর্মসূচি নয়;এটি একটি চলমান সামাজিক আন্দোলন। শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের সংস্কৃতি গড়ে তুলতে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিচ্ছন্নতার পাশাপাশি বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্য হ্রাস এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিচ্ছন্নতা ও সবুজায়নের এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ‘ক্লিন সানডে’ কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রশাসনের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব ময়মনসিংহ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]