জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে দলটি।
শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের এক যৌথসভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে চরমোনাই পীর সরাসরি মাঠে থেকে আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি দলের অস্তিত্বের ঝুঁকি নিয়েও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আগামী ৫ আগস্টের কর্মসূচির মাধ্যমে জুলাইয়ের চেতনা ও গণ-আন্দোলনের শক্তিকে নতুনভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে রাজধানীর রাজপথে গণজাগরণ সৃষ্টি করা হবে।
দলের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট বুধবার সকাল ১১টায় রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে। পরে জোহরের নামাজের আগে সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হবে।
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন নগর দক্ষিণের সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা, আলহাজ আব্দুল আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর