• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:১৩ রাত

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে আসলেন যারা

ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণাকে সামনে রেখে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধাদের উদ্যোগে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে দলের সম্পাদক হিসেবে মুহাম্মদ উল্লাহ মধু এবং মুখপাত্র হিসেবে ইকবাল হোসেন (সাম্য শাহ)-এর নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে ৩৭ সদস্যের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়। কমিটিতে ২১ জন সংগঠক ও ১৪ জন সদস্য রয়েছেন।

অনুষ্ঠানে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন মুখপাত্র ইকবাল হোসেন। ঘোষণাপত্রে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতাকে রাজনৈতিক পরিবর্তনের ভিত্তি হিসেবে বিবেচনা করে দলটি যাত্রা শুরু করেছে।

এতে আরও বলা হয়, মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন।

দলটির নেতারা বলেন, জুলাই-পরবর্তী সময়ে রাজনীতিতে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। সেই জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায় বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন। এ লক্ষ্যে দেশের সব দেশপ্রেমিক নাগরিককে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সম্ভাবনার কেন্দ্রবিন্দু তারুণ্য। তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকট এখনো পুরোপুরি কাটেনি এবং রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাবের আশঙ্কা রয়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তুলে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিদ্বেষ ও গালাগালিনির্ভর রাজনীতির পরিবর্তে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় নতুন সংগঠনকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোহসিন রশিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]