সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালের ভেতরে এখনো প্রচুর ধোঁয়া রয়েছে। এ কারণে রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।
অগ্নিকাণ্ডের পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার পুলিশ, বিজিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে হাসপাতালের ভেতরে প্রচুর ধোঁয়া রয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত হাসপাতালের ভেতরে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর