• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪৯ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৫:২২ বিকাল

শেরপুরে এই দিনে ঝরে যায় তিন প্রাণ, আজও স্মৃতিতে মাহবুব-সৌরভ-সবুজ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আজ ৪ আগস্ট। কোটা সংস্কার আন্দোলনের সময় শেরপুরে নিহত তিন তরুণ—মাহবুব আলম, সারদুল আশীষ সৌরভ ও সবুজের মৃত্যুর দুই বছর পূর্ণ হলো। ২০২৪ সালের এই দিনে দেশের বিভিন্ন স্থানের মতো শেরপুরেও আন্দোলনকে ঘিরে সংঘটিত সহিংস ঘটনায় প্রাণ হারান তারা। দিনটি উপলক্ষে স্বজন, সহপাঠী ও স্থানীয়দের স্মৃতিচারণে উঠে এসেছে তিন তরুণের অসমাপ্ত স্বপ্ন ও জীবনের গল্প।

শহীদ মাহবুব: শেরপুর সদর উপজেলার তারাগড় কান্দাপাড়া গ্রামের মাহবুব আলম (১৯) ছিলেন শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি বন্ধুদের নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা করতেন এবং নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমেও যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, ৪ আগস্ট সকালে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মাহবুব। পরে খরমপুর এলাকায় আন্দোলন চলাকালে প্রশাসনের গাড়ি চাপায় তিনি নিহত হন।

শহীদ সৌরভ: ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের সারদুল আশীষ সৌরভ (২২) ছিলেন ডাঃ সেকান্দার আলী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী। সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় এই তরুণ দরিদ্র মানুষের সহায়তা, ঈদে খাদ্য বিতরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে নিয়মিত অংশ নিতেন। একই দিনে আন্দোলন চলাকালে তিনিও প্রাণ হারান।

শহীদ সবুজ: শ্রীবরদী উপজেলার রুপারপাড়া গ্রামের সবুজ ছিলেন একটি দরিদ্র পরিবারের দ্বিতীয় সন্তান। পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় স্থানীয় একটি ফার্মেসিতে কাজ করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সবুজ নিহত হওয়ার পর প্রকাশিত ফলে জিপিএ-৪.৩৩ অর্জন করেন।

পরিবারের সদস্যরা বলেন, সংসারের হাল ধরার পাশাপাশি উচ্চশিক্ষার স্বপ্ন ছিল তার।

পরিবারগুলোর ভাষ্য অনুযায়ী, মাহবুব ও সৌরভ প্রশাসনের একটি গাড়ির ধাক্কায় নিহত হন এবং সবুজ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। ওই দিনের ঘটনাগুলো শেরপুরের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে স্মরণ করা হয়।

মাহবুবের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছে ‘শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট’। এই সংগঠনের মাধ্যমে শিক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরবর্তী সময়ে আন্দোলন দেশব্যাপী বিস্তৃত হয়ে গণআন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ৪ আগস্ট শেরপুরে সংঘটিত সহিংস ঘটনায় নিহত হন মাহবুব আলম, সারদুল আশীষ সৌরভ ও সবুজ।

দুই বছর পরও ৪ আগস্ট শেরপুরবাসীর কাছে একটি শোকাবহ দিন। প্রতিবছরের মতো এবারও দিনটি নানা আয়োজনে স্মরণ করছেন স্বজন, সহপাঠী ও স্থানীয়রা। তিন তরুণের স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে তাদের পরিবার, বন্ধু এবং শেরপুরের মানুষ।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]