• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০২:৩৬ দুপুর

সরকার জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করছে: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার জুলাই আন্দোলন ও দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং গণভোটের বিষয়ে ‘ফ্যাসিবাদী আচরণ’ করছে।

বুধবার (৫ আগস্ট) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা জাতীয় সম্পদ। তাদের নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড বন্ধ করা উচিত। তাঁর দাবি, এখনো অনেক আহত যোদ্ধা ব্যাংককের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকে শয্যাশায়ী অবস্থায় কষ্ট পাচ্ছেন। কিন্তু সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের কাছে জুলাই আন্দোলন, আহত যোদ্ধা কিংবা শহীদ পরিবারের যথাযথ গুরুত্ব নেই। সরকার যদি স্বৈরাচারী আচরণ থেকে সরে না আসে, তাহলে দেশে আবারও গণআন্দোলনের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলনের কোনো একক নেতৃত্ব ছিল না। দিনমজুর থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছেন এবং সবাই এই আন্দোলনের অংশীদার।

তিনি শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসা এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

সরকারের কার্যক্রমের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী জাতিকে নানা আশার কথা শুনিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়। তিনি বলেন, জনগণ জানতে চায়, সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন কোথায় থেমে আছে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি দাবি করেন, সরকার এ বিষয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে এবং সংসদেও বিষয়টি স্বীকার করা হয়েছে বলে উল্লেখ করেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘এখন শুধু আপনারা (বিএনপি) জাতির সামনে প্রতারক হিসেবে নিজেদের নিবন্ধিত করবেন।’

সবশেষে তিনি বলেন, সরকার ফ্যাসিবাদী আচরণ করছে বলেই জনগণ এমন সমালোচনা করছে। এই আচরণ থেকে সরে এলে জনগণ সরকারকে ইতিবাচকভাবে গ্রহণ করবে। একই সঙ্গে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান জানাতে হবে; অন্যথায় বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদ জনগণ মেনে নেবে না।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]