জামালপুরের সরিষাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে স্থানীয় বিএনপি, জামায়াত ইসলামী-এনসিপি জোটসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল সমাবেশ করেছে।
বুধবার (৫ আগস্ট) সকালে "জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা বিএনপি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে। ঝালুপাড়া এলাকা হতে বিজয় র্যালি পৌরসভার সামনে এসে সমাবেশে মিলিত হয়। সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোঃ ফরিদুল কবির তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।
অন্যদিকে, জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। পৌরসভার কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন মাদ্রাসা হতে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি এডভোকেট আঃ আউয়াল, কর্মপরিষদ সদস্য শামীম হোসাইন সোহেল, এনসিপির জেলা সদস্য সচিব ডাঃ মোশাররফ হোসেন, উপজেলা সদস্য সচিব প্রমুখ।
বিকালে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির তালুকদার।
সভায় জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, শহিদ ও আহত যোদ্ধাদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। পরে এনসিপির নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী গ্রামের শহীদ মোকলেছুর রহমান, পঞ্চপীর এলাকার শহিদ রাব্বির কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর