কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে তাকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে গত রোববার (২ আগস্ট) হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। ওই আদেশের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় তিনি কারামুক্ত হন। তবে হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে।
শুনানি শেষে আদালত হাফিজুর রহমানের জামিন আগামী রোববার (৯ আগস্ট) পর্যন্ত স্থগিত করেন এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। পাশাপাশি নির্দেশনা অমান্য করলে তাকে গ্রেপ্তার করতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
যে মামলায় এই আদেশ
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পরদিন তনুর বাবা, ক্যান্টনমেন্ট বোর্ডের সাবেক অফিস সহায়ক ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর