দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অবিলম্বে একটি স্পষ্ট সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ সংক্রান্ত জারি করা রুল আংশিক মঞ্জুর করা হয়েছে।
আদালত আরও নির্দেশ দিয়েছেন, ২০১৮ সালের সড়ক দুর্ঘটনা আইনে সংশোধনী এনে সব ধরনের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে হবে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী এরশাদুল আলম। অন্যদিকে সালাউদ্দিন হাসপাতালের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, ২০১৮ সালে খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম ঢাকার সায়েদাবাদে ছিনতাইকারীদের হামলায় আহত হন। পরে তাকে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ঢাকা মেডিকেলে তার মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে একটি রিট পিটিশন দায়ের করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর