সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বন্দর এলাকায় তেল ব্যবসায়ী জিন্নাহ সরকারের ওপর হামলা চালিয়ে হাতুরিপেটা করে ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
জিন্নাহ সরকারের ভাই মো. জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে আলোকদিয়ার গ্রামের একটি পক্ষের সঙ্গে তাদের ব্যবসায়িক ও অভ্যন্তরীণ বিরোধ চলে আসছে। এর আগেও কয়েক দফায় জিন্নাহ সরকারের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছিল।
তার দাবি, সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আলোকদিয়ার গ্রামের আইয়ুব আলী খান এবং আউয়াল খানের নেতৃত্বে জিহাদ খান, তারেক খান, তানভীর খান, তাওহীদ খান, তানজীল খান, ফরহাদ খান, আলী খান, আলম খান, আল মাহমুদ খান ও আকাশ খানসহ ২০ থেকে ৩০ জনের একটি দল অতর্কিতভাবে জিন্নাহ সরকারের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার কাছে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনার পর আহত জিন্নাহ সরকারকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান জিন্নাহ সরকারের স্বজনরা।
এ বিষয়ে অভিযুক্ত আউয়াল খান জানান, তার গোষ্ঠীর ছেলেপেলে জিন্নাহ সরকারকে মারধর করেছে। তিনি বলেন, ইতোপূর্বে আমাদের গোষ্ঠীর মুরুব্বি হাজী নকিরকে মারধর করার জন্যই বিরোধ চলে আসছিল। সেই বিরোধ থেকেই বৃহস্পতিবার আমার ভাতিজা জিহাদ খান বাঘাবাড়ি ঘাট থেকে বাড়ি ফেরার সময় একা পেয়ে তাকে ঠেকিয়ে মারধরের চেষ্টা করে জিন্নাহ। সেখান থেকে পালিয়ে এসে জিহাদসহ কিছু ছেলেপেলে পুনরায় গিয়ে জিন্নাহকে একা পেয়ে মেরেছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নাজমুল কাদের জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর