২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরেও রয়েছেন সাবেক এই অধিনায়ক। ঘরের মাঠে জাতীয় দলের হয়ে বিদায়ী সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করলেও সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের পর সেই সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা তিনি দেখছেন না। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তার দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।”
সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভার্চুয়াল এক অনুষ্ঠানে যুক্ত হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন সাকিব আল হাসানও।
এ বিষয়ে আমিনুল হক বলেন, একজন ক্রিকেটার হিসেবে সাকিব যে অবস্থানে ছিলেন, সেখান থেকে সরে গিয়ে তিনি রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন। তার মতে, এই পরিস্থিতিতে দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আর নেই। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এতদিন সাকিবকে একজন ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হয়েছে এবং তার বিষয়ে যথেষ্ট সহনশীলতা দেখানো হয়েছে। তবে সাম্প্রতিক কর্মকাণ্ডের পর পরিস্থিতি বদলে গেছে।
তিনি বলেন, একজন খেলোয়াড় হিসেবে তার বিষয়টি নিয়ে সবাই ইতিবাচক ছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরা বা জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। তার রাজনৈতিক অবস্থানের কারণেই এই পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর