জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এমন পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু গতকাল ‘সচিবালয় ঘেরাও’ কর্মসূচির নামে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তিনি জামায়াতে ইসলামীকে ‘হঠকারী দল’ হিসেবে উল্লেখ করে বলেন, সুযোগ পেলে দলটি অল্প সময়ের মধ্যেই সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে দেবে।
তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের উপস্থিতির মধ্যেও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আরেকটি মব পরিস্থিতি তৈরি করা হয়েছিল। বিদেশি প্রতিনিধিদের সামনে এমন ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) যদি আবার রাজনীতিতে ফিরে আসে, তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে হতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগ ফিরে এলে তারা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি বিরোধীরাও ক্ষতির মুখে পড়বে।
জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় যেতে দলটিকে আরও দীর্ঘ সময় বিরোধীদলে থাকতে হবে। এ ছাড়া রাষ্ট্রপতি পদে কে আসছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে নিজেই জানাবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর