রাজধানীর বিজয় সরণি সিগন্যালে দায়িত্ব পালনকালে গ্লোবাল টেলিভিশনের মোবাইল জার্নালিস্ট (মোজো) বুলবুল হোসাইনের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় জড়িত সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।
শনিবার (৮ আগস্ট) সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৪ আগস্ট বিজয় সরণি সিগন্যালে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সঙ্গে এক নারীর বাকবিতণ্ডা ও ওই নারীকে মারধরের দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক বুলবুল হোসাইন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাঁর ওপর চড়াও হয়ে জোরপূর্বক একটি পুলিশের ভ্যানে তুলে নেন।
অভিযোগ অনুযায়ী, ভ্যানের ভেতরে তাঁর ধারণ করা ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে বুট পরা পা দিয়ে তাঁর বুকে আঘাত এবং শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।
পরে উপস্থিত সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পুলিশের ভ্যান থেকে বুলবুলকে উদ্ধার করা হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁর মাথা, চোখ ও বুকে আঘাতের চিহ্ন শনাক্ত করেন এবং সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন বলে জানানো হয়।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এটি মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি ফৌজদারি অপরাধের শামিল বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে আরও বলা হয়, ঘটনার পর ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ঘটনার তদন্তে কোনো কমিটিও গঠন করা হয়নি বলে অভিযোগ করেন সাংবাদিকরা।
এ অবস্থায় ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মানববন্ধন থেকে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও জোরদার করা হবে।
কর্মসূচিতে সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর