নেত্রকোণার পূর্বধলায় আধুনিক কৃষিযন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’ ফার্মে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা।
উদ্বোধনকালে প্রধান অতিথি মাছুম মোস্তফা বলেন, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো হলে কৃষকের শ্রম ও উৎপাদন খরচ কমবে। একই সঙ্গে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। রাইস ট্রান্সপ্লান্টারের মতো যন্ত্রের মাধ্যমে দ্রুত ও সঠিকভাবে ধানের চারা রোপণ করা সম্ভব।
এতে কৃষকের সময়, শ্রম ও অর্থ—তিনটিই সাশ্রয় হবে। এ সময় তিনি ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’র আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের উদ্যোগের প্রশংসা করেন এবং কৃষকদের এ ধরনের প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে ফার্মের জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপণ এবং বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর