ঢাকার সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে নিহত সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মোনারুল ইসলাম বকশীকে (২৯) ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্য ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে সাভারে বিপিএটিসির মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে আয়োজিত মানববন্ধন থেকে এসব অভিযোগ ও দাবি জানানো হয়। বিপিএটিসি যুব কল্যাণ সংঘের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নিহত মোনারুল ইসলামের বড় ভাই মমদেল হোসেন বকশী, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি সালমান শাহ শান্ত, সাগর হোসেনসহ বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নিহতের বড় ভাই মমদেল হোসেন বকশী অভিযোগ করে বলেন, “আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি হত্যার সুষ্ঠু বিচার চাই। যারা এ হত্যার সঙ্গে জড়িত এবং পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে, প্রত্যেকের বিচার চাই। অতি দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, “মোনারুলকে যারা হত্যা করেছে, তারা প্রশাসনের যে কর্মকর্তা বা সদস্যই হোক, ফৌজদারি অপরাধ থেকে তাদের অব্যাহতির কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে। এই হত্যাকাণ্ডের বিচারে কোনো ধরনের কালক্ষেপণ করা যাবে না।”
নিহতের পরিবার ও মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, মোনারুলের মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। ঘটনার পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
যেভাবে ঘটেছিল ঘটনা
নিহতের পরিবার ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, রংপুর জেলার পীরগাছায় এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে সাভারের বিপিএটিসির আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায় সাভার মডেল থানা ও রংপুরের পীরগাছা থানার পুলিশের একটি দল। পুলিশের কাছে তথ্য ছিল, নিখোঁজ ওই কিশোরী মোনারুলদের ফ্ল্যাটে অবস্থান করছে।
অভিযানের সময় বিপিএটিসির আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে মোনারুল ইসলাম বকশী নিহত হন। তবে তিনি কীভাবে ছাদ থেকে নিচে পড়ে গেলেন, সেটি নিয়ে রহস্য তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানানো হয়েছে।
মোনারুলের বাবা জাফর আলী বিপিএটিসির একজন নিরাপত্তারক্ষী। বাবার সঙ্গে বিপিএটিসির আবাসিক ভবনের ফ্ল্যাটে থাকতেন মোনারুল। তাঁদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতিবান্ধা এলাকায়।
মোনারুলের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর