চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলেও সাফল্যের দিক থেকে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ছাত্রীদের ফলাফল। ছেলেদের তুলনায় এবার ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। একইভাবে, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার এসএসসি পরীক্ষায় ৬ লাখ ৬২ হাজার ৬৬৩ জন ছাত্র অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩ লাখ ৯৫ হাজার ৮১৪ জন। ফলে ছাত্রদের পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ৭ লাখ ৪১ হাজার ৮৭৬ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন। ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ।
অর্থাৎ, পাসের হারে ছাত্রীদের চেয়ে ছেলেরা ৮ দশমিক ১৮ শতাংশ পয়েন্ট পিছিয়ে রয়েছে। সংখ্যার হিসাবেও ছেলেদের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীদের সাফল্য বেশি। চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছেলেদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছে।
গত বছরও এসএসসি পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে ছিল মেয়েরা। পাসের হার, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ-৫—তিন সূচকেই নারী পরীক্ষার্থীরা ভালো ফল করেছিল।
তবে সার্বিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আগের বছরের তুলনায় অবনতি হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। অর্থাৎ, গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই এবার ফলাফল পিছিয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কুশল/সাএ
সর্বশেষ খবর