পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের নতুন নিরাপত্তা চুক্তি তেহরানের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে; এমন আশঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছে ইরান।
সোমবার (১০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, নতুন এই চুক্তি আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতে বাইরের শক্তির ওপর নির্ভরতার পরিবর্তে নিজেদের সক্ষমতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাঘায়ি বলেন, এই চুক্তি নিয়ে ইরানের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, আঞ্চলিক ভূরাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে কোনো পরিকল্পনা করা হলে এবং তা যদি ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক হয়, পাশাপাশি শত্রু ও হুমকিকে সঠিকভাবে চিহ্নিত করতে পারে, তাহলে তা আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে সহায়তা করতে পারে।
তিনি ইসরায়েলকে উল্লেখ করে বলেন, এ ধরনের উদ্যোগ অস্থিতিশীলতা এবং ইহুদিবাদী শত্রু ও তার মিত্রদের অপব্যবহার ঠেকাতেও ভূমিকা রাখতে পারে।
এর আগে ইরানের পার্লামেন্ট, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি তিন দেশের এই চুক্তি সম্পর্কে বলেন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি দেশটিকে নিরাপত্তা দিতে ও হামলা থেকে বাঁচাতে পারবে না।
রেজায়ি বলেন, সৌদিদের জানা উচিত, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি তাদের নিরাপত্তা দেবে না। একইভাবে, বছরের পর বছর যুক্তরাষ্ট্রের ওপর একতরফা নির্ভরশীলতাও তাদের নিরাপত্তা দিতে পারেনি।
তিনি আরও বলেন, আপনাদের নীতি পরিবর্তন করুন, যাতে অন্যদের কাছে নিরাপত্তার জন্য অনুরোধ করতে না হয়।
সূত্র : রয়টার্স
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর