এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪১ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
গত বছর এমন শতভাগ ফেল করা কোনো প্রতিষ্ঠান না থাকলেও এবার পাঁচটি স্কুলের ফলাফল শূন্য। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি বিদ্যালয়ের মধ্যে রাজশাহী জেলার তিনটি এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার একটি করে প্রতিষ্ঠান রয়েছে।
শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ছয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ছয়জন তাদেরও সবাই অকৃতকার্য হয়েছে।
এ ছাড়া মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেনি।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যালয় থেকে নয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। অন্যদিকে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ প্রতিষ্ঠানটিরও পাসের হার শূন্য।
সোমবার সকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন এসব তথ্য জানান।
এদিকে, সামগ্রিক ফলাফলের তুলনায় পাঁচটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস না করায় এসব বিদ্যালয়ের শিক্ষার মান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণেও এ বছর পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার চিত্র পাওয়া গেছে। ২০২৫ সালে এ বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশীয় পয়েন্ট।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর