তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন,সাইবার সুরক্ষা আইন সংশোধনের ক্ষেত্রে জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আইনটি আরও কার্যকর ও শক্তিশালী করতে উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট/২৬) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসক' র সম্মেলন কক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন) ও অপপ্রচার (ডিসইনফরমেশন) বিস্তারের প্রেক্ষাপটে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সামাজিক বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, অপপ্রচার ও অসত্য তথ্যের বিস্তার প্রতিরোধ জরুরি। এ বিষয়ে সরকার ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। তবে সরকারবিরোধী বক্তব্য বা সমালোচনা বন্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হবে না। সরকারের সমালোচনা নাগরিকের বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার অংশ। তবে রাষ্ট্রবিরোধী এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রচলিত আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।
তিনি বলেন, প্রস্তাবিত আইনে নারী ও শিশুর সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাইবার বুলিং, মানহানিকর প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে অপপ্রচারের কারণে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনে প্রয়োজনীয় বিধান রাখা হবে। প্রতিমন্ত্রী জানান, আইনটি চূড়ান্ত করার আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে ব্যাপক জনপরামর্শ নেওয়া হবে। একই সঙ্গে আইনটির অপব্যবহার রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে সচেতনতা ও নৈতিক শিক্ষা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ও রিলস তৈরির উদ্যোগ নিয়েছে। এসব কনটেন্ট স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে প্রচারের পাশাপাশি তথ্য অফিস ও সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশকে সুন্দর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খান মো. সাজ্জাদ কবীর। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ময়মনসিংহ জেলার সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এ সময় সরকারি সেবার মানোন্নয়ন, আন্তদপ্তর সমন্বয় জোরদার, জনগণের কাছে দ্রুত সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ময়মনসিংহের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর