• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
তারেক পাঠান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৩:৫৯ দুপুর

নরসিংদী পল্লী বিদ্যুৎ-১: লো-ভোল্টেজ ও বিদ্যুৎ ঘাটতির স্থায়ী সমাধানে নতুন গ্রিডের আশায়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ সম্প্রতি এক সাক্ষাৎকারে সমিতির সামগ্রিক কার্যক্রম, বর্তমান চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি যোগদানের পর থেকেই গ্রাহকসেবার মানোন্নয়ন, দুর্নীতি দমন এবং দালালের দৌরাত্ম্য কমাতে নানা যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন।

সাক্ষাৎকারে তিনি জানান, এই সমিতির আওতাধীন ১টি সদর দপ্তর, ২টি জোনাল অফিস ও ১টি সাব-জোনাল অফিসে বর্তমানে প্রায় ২ লাখ ২৬ হাজার গ্রাহক রয়েছে। নতুন সংযোগের আবেদনসহ বিদ্যুতের যেকোনো সমস্যা দ্রুততম সময়ে সমাধান করা হচ্ছে। এছাড়া আগের তুলনায় সিস্টেম লস অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে।

গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন কারিগরি ও অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করে তিনি জানান, সমিতির এরিয়াতে পুরাতন ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি ও খোলা তার অপসারণ করা হচ্ছে। পাশাপাশি ক্যাপাসিটির চেয়ে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় লো-ভোল্টেজের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার বসানো, নতুন লাইন স্থাপনসহ বিদ্যুতের যেকোনো সমস্যার সমাধান করা হচ্ছে।

বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ২ লাখ ২৬ হাজার গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রতিদিন ২০১ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে ১৩৬ থেকে ১৬০ মেগাওয়াট, ফলে কিছু ঘাটতি থাকছে। তবে খুব দ্রুত নতুন গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি জানান।

গ্রাহক হয়রানি ও দুর্নীতি রোধে নিজের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, অফিসের কোনো কর্মকর্তা, কর্মচারী বা লাইনম্যানের বিরুদ্ধে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি ও হয়রানি বন্ধে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ সর্বদা বদ্ধপরিকর। অফিসগুলোতে নিয়মিত মনিটরিংয়ের কারণে দালালদের দৌরাত্ম্য উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এছাড়া সেবার মান আরও বাড়াতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

সেবাগ্রহীতাদের উদ্দেশে তিনি বলেন, তাঁর দরজা সকল গ্রাহকের জন্য সবসময় উন্মুক্ত রয়েছে। বিদ্যুৎ দুর্ঘটনা প্রতিরোধে লাইনের আশপাশের গাছপালা কাটার ক্ষেত্রে জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, পরিমিত বিদ্যুৎ ব্যবহার, নিয়মিত বিল পরিশোধ, অবৈধ সংযোগ ও বিদ্যুৎ চুরি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে গ্রাহকদের আরও বেশি সচেতন হওয়ার অনুরোধ জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। এর আগে তিনি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে নাটোর-২ পল্লী বিদ্যুৎ এজিএম পদে কর্মজীবন শুরু করা এই কর্মকর্তার বাড়ি কুষ্টিয়া জেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]