• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২০ মিনিট পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১২:২৬ রাত

উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্কুলের বৃক্ষরোপণ কর্মসূচিতে বিতরণ করা একটি লেবু গাছ পেয়েছিল প্রথম শ্রেণির শিক্ষার্থী তোবা। গাছটি বাড়ির আঙিনায় রোপণ করে যত্ন নেওয়ার এক বছর পর তাতে দুটি লেবু ধরে। এর মধ্যে একটি লেবু শিশুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে উপহার দেয়। শিশুটির এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে স্কুল কর্তৃপক্ষ তার পাঁচ বছরের বেতন মওকুফের ঘোষণা দিয়েছে। স্থানীয়রা ঘটনাটিকে বৃক্ষরোপণে শিশুদের উৎসাহিত করার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

জানা গেছে, স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোবারক হোসেন প্রতি বছর শিক্ষার্থী ও অভিভাবকদের গাছের চারা উপহার দিয়ে অভিভাবক সমাবেশের আয়োজন করেন। এর ধারাবাহিকতায় শনিবার (১৫ আগস্ট) বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ফজলে লোহানী বাবু। সভাপতিত্ব করেন সেরেনিটির প্রধান সমন্বয়কারী ও শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চেয়ারম্যান সাংবাদিক মোবারক হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ কাউসার আলম।

অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে তিনটি করে গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের বিতরণ করা চারার মধ্যে ছিল পেঁপে, পেয়ারা, জলপাই, সোনালু, কৃষ্ণচূড়া, বহেরা, আমলকি, আনার, নিম, এলাচিলেবু, বকুল, চালতা, অলবড়ই, কাঠবাদাম ও আতা গাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ। শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে এসব চারা নিয়ে বাড়ি ফেরে।

অনুষ্ঠানে শিক্ষানুরাগী জামাল খান, আক্তার হোসেন, মুমিন খান, সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে পঞ্চম শ্রেণির ছাত্রী সাবিকুন নাহার রিক্তা ও তাফহিম রহমান আরমান।

সভাপতির বক্তব্যে মোবারক হোসেন বলেন, "২০০৪ সাল থেকে জেলার বিভিন্ন এলাকা ঘুরে বৃক্ষরোপণ কর্মসূচি করছি। কখনও বীজ, কখনও বীজ থেকে চারা উৎপাদন করে সেটি বিতরণ করছি। ছোট্ট সোনামণিরা যে এতটা উপলব্ধি করবে, তা ভাবিনি। বৃক্ষরোপণে অনুপ্রেরণা দিতে ওই শিক্ষার্থী যতদিন আমার স্কুলে থাকবে, ততদিন তার বেতন মওকুফ করে দেবো।"

শংকুচাইল গ্রামের সন্তান ও পাকিস্তানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ফজলে লোহানী বাবু বলেন, "প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা এত সুন্দর সাবলীল ইংরেজি কথা বলতে পারেন, নিজে না দেখলে বিশ্বাসই করতাম না। এই শিক্ষার্থীদের রোপণ করা ছোট ছোট চারাগাছ একদিন বৃহৎ বৃক্ষে পরিণত হবে। তারাই এই গ্রামকে আলোকিত করবে। একটি গাছের চারাকে যেমন যত্ন ও পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হয়, তেমনি শিশুদেরও ভালোবাসা, যত্ন ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দুর্ঘটনায় নিহত জজকোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট সোহরাব হোসেন সোহাগের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি কাজী মনোয়ার হোসেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]