রাজশাহীর উৎপাদিত তাজা মাছ কার্গো বিমানের মাধ্যমে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ জন্য রাজশাহী বিমানবন্দর সম্প্রসারণ করে মাছ রপ্তানির উপযোগী ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান তিনি।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
মন্ত্রী বলেন, *“যত দিন যাবে, রাজশাহী তত এগিয়ে যাবে।”* রাজশাহীর আশপাশের খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করে তোলা হবে। স্থানীয় চাষিরা মাছ উৎপাদন করে তা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এ জন্য তিনি চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করেন।
তিনি বলেন, মৎস্য খাতে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। ভবিষ্যতে এ খাত আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভূমিমন্ত্রী আরও বলেন, আগামী দিনে বিশ্বে যুদ্ধের অন্যতম কারণ হয়ে উঠতে পারে মিষ্টি পানি। পৃথিবীর বিভিন্ন দেশে ইতোমধ্যে নদীর পানি নিয়ে বিরোধ রয়েছে। বাংলাদেশের বিপুল মিষ্টি পানির উৎসকে দেশের বড় সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি এর যথাযথ ব্যবহার ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে ভূমিমন্ত্রী রাজশাহী কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া ও জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হচ্ছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর