বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট পুরোপুরি সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, ছয় মাস বা এক বছরের মধ্যে এই সংকটের পূর্ণ সমাধান সম্ভব নয়। তবে পরিস্থিতির দ্রুত উন্নয়নে সরকার কাজ করছে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে আমীর খসরু বলেন, বর্তমান পরিস্থিতি অতীতের নানা সমস্যার উত্তরাধিকার। তিনি স্বীকার করেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাসে তো নয়ই, এক বছরের মধ্যেও পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। এ জন্য অন্তত দুই বছর সময় প্রয়োজন।
তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের নির্ভরযোগ্য সরবরাহ ছাড়া অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তবে সংকট মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।
গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণের (অনশোর স্টোরেজ) সুবিধা নিয়ে কাজ চলছে বলেও জানান অর্থমন্ত্রী। এসব উদ্যোগের বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
বিদ্যুৎ খাতের সংকট প্রসঙ্গে আমীর খসরু বলেন, দেশে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি হলেও সঞ্চালনব্যবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে বিভিন্ন পরিসংখ্যানে দেশের প্রকৃত বিদ্যুৎ পরিস্থিতির তুলনায় বেশি সক্ষমতা দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স ও এনার্জি মিক্স নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। ভবিষ্যৎ জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎ থাকবে। দেশের কয়লা সম্পদ নিয়েও পর্যালোচনা চলছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, সব ধরনের জ্বালানির সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ এনার্জি মিক্স গড়ে তোলার পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে। এই জ্বালানি সংমিশ্রণের কাঠামো মোটামুটি নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে বলেও তিনি জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর