গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম আব্দুল্লাহ আল মারুফ। তিনি কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আজ ১৬ আগস্ট রবিবার সকাল থেকেই আব্দুল্লাহ আল মারুফের ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে মাদক গ্রহণ করতে দেখা যায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এমন ঘটনায় স্থানীয় জনমনে এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফকে অসামাজিক কাজে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে তার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। উপজেলা ছাত্রদলের আহবায়ক রোবেল শেখ এবং সদস্য সচিব হাসানুর রহমান হাসান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এই বিষয়ে কালীগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের আহবায়ক রোবেল শেখ সংবাদমাধ্যমকে বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল এবং মাদকমুক্ত ছাত্র সংগঠন। এখানে কোনো মাদকসেবী বা অসামাজিক কাজে লিপ্ত ব্যক্তির স্থান নেই। আব্দুল্লাহ আল মারুফের ইয়াবা সেবনের ভিডিওটি আমাদের নজরে আসার সাথে সাথেই আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার সুযোগ কাউকেই দেওয়া হবে না। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, দলের নাম ভাঙিয়ে বা পদ-পদবি ব্যবহার করে কেউ অপরাধমূলক কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।”
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসানুর রহমান হাসান এবং যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. জাফর ইমাম খান (মিতুল) স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের আব্দুল্লাহ আল মারুফের সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। ছাত্রদলের এমন তড়িৎ ব্যবস্থা গ্রহণকে স্বাগত জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর