ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৮২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি জানানো হয়।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৩৬ জন, মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৪৯ জন এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯৭ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীদের এ সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও অভিভাবকরাও কৃতি শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেন।
ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুরের সভানেত্রী শায়লা শারমীন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক নুরুল কাদের পারভেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। কৃতি শিক্ষার্থীদের এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই অর্জনকে ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর