‘শিশু চুরি’র অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস ধরে কারাগারে আছেন আখাউড়ার সাবিনা আক্তার (২৮)। মায়ের অনুপস্থিতিতে ৯ মাসের শিশুসহ তিন সন্তানকে নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তার স্বামী সফিক মিয়া।
সাবিনা আখাউড়া পৌরশহরের খড়মপুর বাইপাস রেলগেট এলাকার খাদেম বাড়ির বাসিন্দা। স্বামী সফিক মিয়া পেশায় ভাঙারি সংগ্রহকারী। টিনের চালার একটি ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে তার সংসার।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় একটি শিশুসহ সাবিনাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে শিশুসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে শিশুটির অভিভাবক এসে সন্তানকে নিয়ে যান এবং সাবিনার বিরুদ্ধে ‘শিশু চুরি’র অভিযোগে মামলা করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
স্বামী সফিক মিয়া বলেন, _“আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। সে বাচ্চা চুরি করেনি। কথার প্যাঁচে পড়ে জেল খাটছে। তিন সন্তান নিয়ে আমি খুব কষ্টে আছি। আমি গরিব মানুষ। কীভাবে তাকে জামিন করাব বুঝতে পারছি না। বাচ্চাগুলো সারাক্ষণ মায়ের জন্য কান্নাকাটি করে।”_
মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে দিন কাটছে তিন শিশুর। ছোট ছেলেটির বয়স মাত্র ৯ মাস। সন্তানদের খাওয়ানো, গোসল করানো ও দেখাশোনার পাশাপাশি স্ত্রীর জামিনের জন্য আদালতে ছুটতে হচ্ছে তাকে।
সাবিনার বড় ছেলে ইব্রাহিম কান্নাজড়িত কণ্ঠে বলে, _“অনেক দিন মাকে দেখি না। আমার মাকে এনে দাও।”_
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, _“একটি শিশুসহ সাবিনাকে আটক করা হয়েছিল। পরে শিশুটির অভিভাবক চুরির অভিযোগে মামলা করেন। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”_
স্থানীয়দের দাবি, মানবিক বিবেচনায় দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর