রৌমারীতে মাদকের ভয়াবহ বিস্তার রোধে তিন গ্রামের সমন্বয়ে মাদকবিরোধী যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিন স্তরবিশিষ্ট একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। কমিটিতে মুরুব্বিদের উপদেষ্টা, মধ্যবয়সীদের মূল কমিটি এবং তরুণদের কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।
গতকাল রাত ১০টার দিকে উপজেলার মন্ডলপাড়া হাফিজিয়া মাদ্রাসার সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ডলপাড়ার সোহরাব হোসেনকে সভাপতি, সবুজপাড়ার আতিকুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক এবং নবদাস পাড়ার শ্রী রতন চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মমিনুল ইসলাম (মুলু ডাক্তার)।
এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লাল মিয়া, জাসাস নেতা আতিকুর রহমান সুমন, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, যুগ্ম সম্পাদক এলাহী শাহরিয়ার নাজিম, সাংবাদিক আবু সাঈদ কাকন, লোকমান হোসাইন লিয়ন এবং রৌমারী কেরামতিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ।
নবগঠিত কমিটির নেতারা বলেন, মাদকের বিস্তারের কারণে রৌমারীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। মাদকের ছোবল থেকে সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাই চার গ্রামের মানুষ একত্রিত হয়ে মাদকবিরোধী এই উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের মূল লক্ষ্য তিনটি গ্রামকে মাদকমুক্ত ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা।
তারা আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ কাজে সম্পৃক্ত করা হবে।
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী মাদকবিরোধী এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগ বাস্তবায়নে রৌমারী থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর