সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশিকা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশিকাবহির্ভূত, আপত্তিকর বা দাপ্তরিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে—এমন কোনো কর্মকাণ্ড নজরে এলে তা প্রমাণসহ মনিটরিং কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং সরকারি আচরণবিধি মেনে চলা সব কর্মকর্তা-কর্মচারীর জন্য বাধ্যতামূলক। মাউশি ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষা পরিবারের সদস্যরা এসব নির্দেশনা যথাযথভাবে পালন করছেন কি না, তা পর্যবেক্ষণে ইতোমধ্যে একটি ‘সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, মাউশির আওতাধীন কোনো কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নির্দেশিকাবহির্ভূত, আপত্তিকর, বিভ্রান্তিকর, অসত্য বা নেতিবাচক কোনো কনটেন্ট প্রকাশ বা প্রচার করলে এবং তা দাপ্তরিক শৃঙ্খলা কিংবা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে—এমন তথ্য পাওয়া গেলে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
এ ধরনের তথ্য অগ্রাধিকার ভিত্তিতে মনিটরিং কমিটির আহ্বায়ককে ই-মেইলের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করেছে মাউশি। ই-মেইল ঠিকানা: [email protected]
অভিযোগ বা তথ্য পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবি ও কর্মস্থল, সামাজিক যোগাযোগমাধ্যমের নাম ও সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা প্রোফাইলের লিংক, পোস্ট বা স্ট্যাটাস প্রকাশের তারিখ ও সময়, এবং সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশটসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ সংযুক্ত করতে বলা হয়েছে।
মাউশি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নির্দেশনা ও আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ড পর্যবেক্ষণের পাশাপাশি দাপ্তরিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় এ কার্যক্রম পরিচালনা করা হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর