দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে।
সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন জেলায়, যেখানে সিটি করপোরেশন এলাকা অন্তর্ভুক্ত নয়। এ অঞ্চলে নতুন করে ১৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৬, বরিশাল বিভাগে ১০২, চট্টগ্রাম বিভাগে ৯০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭, রাজশাহী বিভাগে ৫৭, ময়মনসিংহ বিভাগে ৫১ এবং রংপুর বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৪ হাজার ৮৪৮ জন। এর মধ্যে শুধু আগস্টের প্রথম ১৭ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৫৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জুলাইয়েও ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য। ওই মাসে ৯ হাজার ২০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এর আগে জুনে ভর্তি হন ২ হাজার ৯০৭ জন।
মৃত্যুর হিসাবেও সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা যাওয়া ৭১ জনের মধ্যে আগস্টেই মৃত্যু হয়েছে ১৭ জনের। জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, বর্ষা মৌসুমে দেশে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। বিশেষ করে জুলাই ও আগস্টে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ডেঙ্গু মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগতভাবে সতর্কতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর