চট্টগ্রামের হাটহাজারীতে বাকবিতণ্ডার জেরে প্রকাশ্য দিবালোকে ধাওয়া করে মুহাম্মদ আরাফাত (২৬) নামে এক যুবককে গুলির ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মুহাম্মদ আরাফাত পার্শ্ববর্তী বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। ঘটনার পর পর স্থানীয়রা আহত আরাফাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, আহত আরাফাতের সাথে আরিফ ও ইমন নামের দুই যুবকের কথাকাটাকাটির একপর্যায়ে ঐ দুই যুবক তাকে ধাওয়া দেয়৷ হাটহাজারী উপজেলার মদুনাঘাট বাজার থেকে আরাফাতকে ধাওয়া করে প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাকে ধরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মাটিতে পড়ে থাকা গুরুতর আহত আরাফাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর