ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের বাহিনী লোহিত সাগরে আল-মাখা উপকূলের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি সামরিক জাহাজ এবং এর সাথে থাকা চারটি সামরিক নৌকায় হামলা চালিয়েছে।
ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, তাদের বাহিনী লোহিত সাগরের আল-মাখা উপকূলে সৌদি আরবের একটি সামরিক জাহাজ এবং সেটিকে পাহারা দেওয়া চারটি সামরিক নৌকাকে লক্ষ্যবস্তু করেছে।
সারি বলেন, এই হামলাটি বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পরিচালনা করা হয়েছে এবং আঘাতগুলো ছিল "সঠিক ও নিখুঁত"।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, এই হামলার ফলে সামরিক জাহাজটিতে সম্পূর্ণরূপে আগুন ধরে যায়, এর সাথে থাকা কয়েকটি নৌকা ডুবে যায় এবং বাকি নৌকাগুলোতে আগুন ধরে যায়।
ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী সৌদি বাহিনীর সমস্ত তৎপরতা ও নজরদারি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থল বা সমুদ্রে এই বাহিনীর যেকোনো ধরনের চলাচল ও অবস্থানকে লক্ষ্যবস্তু করবে।
তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী "অবরোধের জবাবে অবরোধ" সমীকরণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং সৌদি বাহিনীর অবস্থান ও সমাবেশ যেখানেই থাকুক না কেন সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর