• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০২:৫৮ দুপুর

কালীগঞ্জে দুই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের কালীগঞ্জে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার তুমিলিয়ার সেন্ট মেরিস গার্লস হাই স্কুল এন্ড কলেজ এবং কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এই নতুন অবকাঠামোর ফলক উন্মোচন করা হয়। নতুন ভবন উদ্বোধন ছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী বা ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা, পাঠচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের আয়োজনে সেন্ট মেরিস গার্লস হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবন দুটির উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব এ.কে.এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. নূরুল করিম ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম বলেন, “কালীগঞ্জের শিক্ষা ক্ষেত্রে আজ এক বিশেষ দিন। একই দিনে দুটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন আমাদের অগ্রযাত্রার প্রতিফলন। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা ও পাঠচক্রের মতো সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্যন্ত জরুরি। জেলা প্রশাসন সবসময় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করে যাবে।”

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। আজকের এই নতুন ভবনগুলো শিক্ষার্থীদের জন্য সুন্দর ও আধুনিক পাঠদানের পরিবেশ নিশ্চিত করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি শিল্প-সংস্কৃতিতেও সমৃদ্ধ হতে হবে।”

সেন্ট মেরিস গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক তানজিনা শহিদুল্লাহ, দীপা গমেজ এবং পূর্ণিমা রোজারিওর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ সিস্টার বীনা স্ত্রীষ্টিনা রোজারিও স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্কাউট দল সালাম ও নৃত্যের মাধ্যমে মঞ্চে বরণ করে নেওয়া হয়। এরপর বিতর্ক প্রতিযোগিতা ও বই পড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নজরুলের বর্ষ উপলক্ষে নজরুলের সংগীত, কবিতা আবৃত্তি এবং ক্ষুদ্র নাটিকা প্রদর্শন করে দর্শক মাতান সেন্ট মেরিস গার্লস স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান, রেভা. উদার আলবিন গমেজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই বর্ণিল আয়োজন শেষে মোনাজাতের মাধ্যমে নতুন ভবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]