কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দাদির নাম ঝরনা বেগম (৩৮)। তবে নাতনির নাম জানা যায়নি। ঝরনা বেগম মুরাদনগরের মো. রুকু মিয়ার মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনের ফুটওভার ব্রিজ থেকে ২০-৩০ ফুট সামনে রেললাইন ধরে হাঁটছিলেন দাদি ও নাতনি। এ সময় চট্টগ্রামগামী বিরতিহীন সুবর্ণ ট্রেন ঢুকে পড়লে দুজনই দিকভ্রান্ত হয়ে পড়েন।
এ সময় তারা একজন আরেকজনের হাত ধরে টানাটানি করতে থাকেন। একপর্যায়ে নাতনি রেললাইন থেকে সামান্য নিচে নেমে এলেও দাদি রেললাইনের মাঝেই থেকে যান। এতে ট্রেনে কাটা পড়ে দাদি নিহত হন এবং ধাক্কা লেগে নাতনির মৃত্যু হয়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হাসান জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সূত্র ধরে একজনের পরিচয় পাওয়া গেছে। স্থানীয়দের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে নিহত দুজন সম্পর্কে দাদি-নাতনি। তবে তারা কেন কী উদ্দেশে এখানে এসেছিলেন এবং রেললাইনে কেন হাঁটাহাঁটি করছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর