আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই। প্রবীণ এ রাজনীতিবিদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সতীশ চন্দ্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে অরবিন্দু রায়।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামে পারিবারিক শ্মশানে শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বাবু সতীশ চন্দ্র রায় ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করেন।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর