• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০২:১১ দুপুর

একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন

ফাইল ফটো

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডগুলো আগের নিয়ম অনুসরণ করে ভর্তি নীতিমালা তৈরি করে কার্যক্রম শুরুর অনুমোদন চাইলেও তাতে সম্মতি দেয়নি মন্ত্রণালয়। বরং কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন করে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার তিন ধাপের পরিবর্তে এক ধাপেই একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়া হবে। একই সঙ্গে থাকছে না মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের সুযোগ। আর নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম না টেনে সেপ্টেম্বরের মধ্যেই তা শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরুরও পরিকল্পনা রয়েছে।

গত ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এক ধাপেই আবেদন

গত কয়েক বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ধাপে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার সুযোগ পেত। তবে এবার প্রথম পর্যায়েই একবার আবেদন করতে হবে। আবেদনের সুযোগ একবার হওয়ায় আগের মতো মাইগ্রেশনের ব্যবস্থাও থাকবে না।

তবে খাতা পুনর্নিরীক্ষার পর ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নতুন করে আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়া কোনো শিক্ষার্থী আবেদন করেও কলেজ না পেলে, ভর্তি নিশ্চায়ন না করলে কিংবা কোনো কারণে ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়লে তারাও পুনরায় আবেদনের সুযোগ পাবে।

সেপ্টেম্বরে শেষ হবে ভর্তি, শুরু হবে ক্লাস

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু করে ১০ নভেম্বর পর্যন্ত কার্যক্রম চালানোর কথা বলা হয়েছিল। সে অনুযায়ী ১২ নভেম্বর ক্লাস শুরুর প্রস্তাবও ছিল।

তবে মন্ত্রণালয়ের বৈঠকে এ প্রস্তাবে সম্মতি দেওয়া হয়নি। নতুন পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অনলাইন আবেদন শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভর্তি কার্যক্রম শেষ করে একই মাসের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।

পুনর্নিরীক্ষার পর ফল পরিবর্তনের কারণে যারা নতুন করে আবেদন করে কলেজ পরিবর্তন করবে, তাদেরও আগামী ১ অক্টোবরের মধ্যে ক্লাস শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এটি চূড়ান্ত হতে পারে। এরপর শিক্ষা মন্ত্রণালয় নীতিমালাটি আনুষ্ঠানিকভাবে জারি করবে।

নীতিমালায় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অ্যাকাডেমিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। এ লক্ষ্যেই ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নীতিমালা প্রস্তুত করা হচ্ছে। পরে প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

আগের তুলনায় অনেক এগিয়ে ক্লাস

অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শেষ করে ১ জুলাই থেকেই ক্লাস শুরুর কথা। কিন্তু গত কয়েক বছর নানা কারণে নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল ১০ জুলাই। এরপর ভর্তি কার্যক্রম শেষে ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়। চলতি বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ১০ আগস্ট। তাই ফল প্রকাশের পর তুলনামূলক কম সময়ের মধ্যেই ভর্তি শেষ করে সেপ্টেম্বরের শেষ দিকে ক্লাস শুরু করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

নতুন নীতিমালা চূড়ান্ত হলে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, নিশ্চায়ন, কলেজ নির্বাচন এবং ক্লাস শুরুর সময়সূচিতে এসব পরিবর্তন আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]