নীলফামারীর কিশোরগঞ্জে সুশীল গীর হত্যা মামলার ৪ আসামীকে পৃথক স্থান হতে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হল, বাহাগিলী ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী ববিতা রানী রায় (৪২), মৃত তারুনী রায়ের ছেলে শ্যামল চন্দ্র রায় (৪৫), শ্যামল চন্দ্র রায়ের ছেলে আকাশ চন্দ্র রায় (২২) ও মৃত হরেন গিরের ছেলে বিকাশ ওরফে আনোয়ার গির (৪৫)। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর গফুর।
পুলিশ সূত্র জানায়, গত ১৬ আগষ্ট বিয়ে সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুশীল গীর ওরফে শিয়াল গীর (৬০) মারা যান। ওই দিনেই কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হলে আসামীরা বিভিন্ন স্থানে অবস্থান নেয়। মঙ্গলবার বিকাশ ওরফে আনোয়ারকে নীলফামারী থেকে গ্রেফতার করা হয়। তার তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার গাজীপুর থেকে অন্যান্য ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে কিশোরগঞ্জ থানায় এনে গ্রেফতারকৃতদের নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর গফুর জানান, সুশীল গীর হত্যার দিন থেকে তারা পলাতক ছিল। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের ১ জনকে নীলফামারী ও অপর ৩ জনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর