ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে নিহত নয় বাংলাদেশির মধ্যে একজন সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার ব্যবসায়ী আহমেদ বাবু। তার মৃত্যুর খবরে এলাকায় ও পরিবারের মাঝে নেমে এসেছে শোকের মাতম।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্বজনদের ভারতীয় হাইকমিশন থেকে মোবাইল ফোনে আহমেদ বাবুর মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়। পরে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে নিহতের ছবি পাঠানো হলে পরিবারের সদস্যরা ছবি দেখে তাকে আহমেদ বাবু হিসেবে শনাক্ত করেন।
নিহত আহমেদ বাবু আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আদম আলী। পরিবারের চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। আমিনবাজারের এম এ হোসেন টাওয়ারে ‘কিউট কসমেটিক্স’ নামে একটি দোকানের স্বত্বাধিকারী ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে সোমবার রাতে কলকাতার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন আহমেদ বাবু। দীর্ঘদিন ভারতের ভিসা বন্ধ থাকায় প্রায় দুই বছর পর ব্যবসায়িক কাজে কলকাতায় গিয়েছিলেন তিনি।
নিহত আহমেদ বাবুর পরিবারে রয়েছে নয় বছরের একটি মেয়ে ও চার বছরের একটি শিশুসন্তান। তার আকস্মিক মৃত্যুতে সন্তান, স্ত্রী, বাবা-মা ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।
পরিবারের সদস্যরা জানান, জীবিকার প্রয়োজনে ব্যবসায়িক কাজে কলকাতায় গিয়ে এমন মর্মান্তিক পরিণতি হবে এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আহমেদ বাবুর মরদেহ দেশে ফিরিয়ে এনে দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা।
এ ঘটনায় আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা নিহত আহমেদ বাবুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর