‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস ও ময়মনসিংহ সদর উপজেলার উদ্যোগে এ অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সভাপতি মো. সাইফুর রহমান।
অভিযানের উদ্বোধন কালে জেলা প্রশাসক বলেন, স্কাউটরা দেশের প্রয়োজনে সব সময় প্রস্তুত থাকে। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। মানুষ যেভাবে নিজের ঘর পরিষ্কার রাখে, সেভাবেই দেশকে নিজের ঘর মনে করে পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি বলেন,‘পলিথিন আমাদের শত্রু।’ পলিথিনমুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা স্কাউট ভবন থেকে অভিযানটি শুরু হয়। পরে এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকা পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ স্কাউটসের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
তাঁরা সড়ক ও আশপাশের এলাকা থেকে ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ ও অপসারণ করেন। পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির কাজও করেন অংশগ্রহণকারীরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর