নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি ডিগ্রী কলেজ মোড় সংলগ্ন একটি বাসা থেকে বৃহস্পতিবার দুপুরে গোলাম এলাহী লাবু মিয়া (২৪) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লাবু মিয়া কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের গোলাম রব্বানী বাদশার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার দিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে লাবু মিয়ার ঝগড়া হয়। সেই ঝগড়া থেকে অভিমান করে লাবু মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা ধারণা করছে। বৃহস্পতিবার সকালে লাবুর ঘর থেকে দুর্গন্ধ বের হলে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখতে পায় লাবু মিয়ার ঝুলন্ত লাশ ও মাটির নিচে রক্ত। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল পূর্বক লাশ উদ্ধার করেছে।
তবে চার দিন ধরে ছেলের মরদেহ ঘরে পড়ে থাকায় মৃত্যুটি রহস্যজনক বলেও অনেকে ধারণা করছেন। পুলিশ সূত্র জানায়, ধারণা করা হচ্ছে চার দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মেঝেতে রক্ত রয়েছে। লাশটিতে পচন ধরাসহ দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর গফুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত ঘটনা সর্ম্পকে বলা যাবে। অনুসন্ধান চলমান রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর