চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই। পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে চাঁদা দাবি ও চাঁদা না দেওয়ায় এক গুড় ব্যবসায়ীকে মারধর করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আড়াই শতাধিক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২০ আগস্ট ) দুপুর সাড়ে ১২টার দিকে কালাইয়া সুন্দরী সিনেমা হলের সামনে মানববন্ধন শেষে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় বক্তারা নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।
ব্যবসায়ীদের অভিযোগ, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি ইয়াছিন হাওলাদার, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান, সোহানসহ কয়েকজন বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছেন। ফার্নিচার ব্যবসায়ী শহিদুল ইসলামের কাছে দুই লাখ এবং গুড় ব্যবসায়ী আমিনুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ।
আমিনুল ইসলামের অভিযোগ, বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে ল্যাংড়া মুন্সির সেতু এলাকায় ইয়াছিন ও সোহান তার পথরোধ করে মারধর করেন এবং সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় তিনি বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে ইয়াছিন হাওলাদার বলেছেন, চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয়। এটি জামায়াত-শিবিরের ষড়যন্ত্র।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন, অভিযোগটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর