তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে একের পর এক চমক যোগ করছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এবার ১৪তম চ্যাপ্টারে দর্শকদের জন্য থাকছে আরও একটি নতুন চমক। এই পর্বে অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, যিনি ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত, এবং অভিনেত্রী সুনেহরা তাসনিমকে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন এই চ্যাপ্টার।
গল্পের প্রয়োজনে এবার ‘ব্যাচেলর’দের ফ্ল্যাটে হাজির হবেন রাফসান ও সুনেহরা। অতিথি চরিত্রে তাদের দেখা গেলেও ঠিক কী ভূমিকায় তারা অভিনয় করছেন, তা এখনো প্রকাশ করেননি নির্মাতা। ফলে নতুন চ্যাপ্টারে তাদের উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এর আগে অসুস্থতার কারণে কিছুদিন নির্মাণকাজ থেকে দূরে ছিলেন কাজল আরেফিন অমি। সুস্থ হয়ে ‘চ্যাপ্টার ১৩’-এর মাধ্যমে আবারও কাজে ফিরেছেন তিনি। এবার ১৪তম চ্যাপ্টারে দর্শকদের জন্য আরও বেশি বিনোদন ও চমক থাকছে বলে জানিয়েছেন নির্মাতা।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পর্বগুলো বঙ্গের পাশাপাশি চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে।
ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, অর্চিতা স্পর্শিয়া, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ আরও অনেকে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর