প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে যান নুরুল হক নূর। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ সরকার একসময় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় বিষয়টি নতুন করে বিবেচনা করা উচিত। প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জামায়াত-শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। একইভাবে ১৯৭১ সালে গণহত্যা, লুটপাট ও ধর্ষণের ঘটনায় জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাই তাদের কর্মকাণ্ড ও অতীত ভূমিকা বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করা হলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও সংকটে পড়তে পারে।
জাতিসংঘের আল-কায়েদা–সংক্রান্ত সতর্কতার প্রসঙ্গ তুলে নুরুল হক নূর বলেন, বাংলাদেশকে আল-কায়েদা লক্ষ্যবস্তু করতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে। তাঁর দাবি, জামায়াত-শিবিরের মতো সংগঠনের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াত-শিবির নিজেদের মজলুম সংগঠন হিসেবে উপস্থাপন করলেও গত ছয় মাসে তারা ‘জালেম সংগঠনে’ পরিণত হয়েছে। তাঁর ভাষায়, এই উগ্রবাদী গোষ্ঠীকে এখন থেকেই প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। তা না হলে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে তারা সমাজ ও দেশের জন্য ক্ষতি বয়ে আনতে পারে।
জামায়াত-শিবির ও আওয়ামী লীগকে একই ধরনের ফ্যাসিস্ট আখ্যা দিয়ে নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ সুযোগ পেয়ে ফ্যাসিস্ট হয়েছে। আর জামায়াত-শিবির সুযোগ না পেয়েও বিভিন্ন সময় যে তাণ্ডব চালিয়েছে, তাতে তাদের অতীতের সহিংসতা, ধর্ষণ ও দখলদারত্বের ইতিহাস সামনে এসেছে।
বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করে জামায়াত নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর